ঝিনাইদহের মহেশপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ দুনিয়ার মজদুর এক হও এক হও " এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।র্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসাবে হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।