উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬।
বুধবার (২২ এপ্রিল) শিবচর উপজেলার পদ্মা অডিটোরিয়ামে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. ইবনে মিজান।


শিবচর উপজেলা প্রশাসন শিবচর, মাদারীপুরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,আগারগাঁও, ঢাকা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।দুই দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেন।পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. ইবনে মিজান বলেন, “একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে নিতে হবে।বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং তাদের মধ্যে সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরাই আগামীর বাংলাদেশ।আগামীর প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের দক্ষ করে তুলতে হলে এখন থেকেই বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠানটি ২৩ এপ্রিল পর্যন্ত চলবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।