গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭নং হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মো: মতিউর রহমান টুকু। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার এবং প্রচারণামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘কথা নয় কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয়’-এই স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন।
প্রকাশিত ইশতেহারে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে-স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের মাধ্যমে চর ও বীর অঞ্চলের বৈষম্য দূর করা এবং ইউনিয়ন পরিষদকে একটি কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা।
তিনি আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারি সুযোগ-সুবিধা স্বচ্ছভাবে ও বিনা উৎকোচে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
তার ঘোষিত ইশতেহারে আরও রয়েছে-গ্রাম আদালতকে সক্রিয় করে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, সন্ত্রাস-চাঁদাবাজি-জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং চরের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার সংযোগ বৃদ্ধি।
এছাড়া তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যমুনার ডানতীর রক্ষা প্রকল্পের কাজ শেষে একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌকা পারাপার এবং জরুরি চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স বোট চালুর পরিকল্পনাও তার ইশতেহারে রয়েছে।
প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তিনি একটি ব্যানারও প্রকাশ করেছেন, যেখানে তার রাজনৈতিক পরিচিতি হিসেবে ভারপ্রাপ্ত আহ্বায়ক, হলদিয়া ইউনিয়ন যুবদল উল্লেখ করা হয়েছে। ব্যানারে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয়ভাবে তার এই নির্বাচনী ঘোষণা ও ইশতেহার প্রকাশকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা এটিকে একটি উন্নয়নমুখী পরিকল্পনা হিসেবে দেখছেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন জানানোর আগ্রহ প্রকাশ করেছেন।