ঝিনাইদহের মহেশপুরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করে দেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মহেশপুর ডাকবাংলো হলরুমে আয়োজিত সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানপ্রদত্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এবং এ লক্ষ্যে ইতোমধ্যে বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও তুলে ধরেন, বিচার ব্যবস্থাকে যুগোপযোগী ও জনবান্ধব করতে আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘদিনের মামলার জট কমাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিচারপ্রক্রিয়া চালুর মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য বিচারসেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
এ সময় অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, সরকারের এসব পদক্ষেপের ফলে দেশে আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পাবে। এর আগে তিনি মহেশপুরের কৃতি সন্তান হিসেবে স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সভায় উপস্থিত ছিলেন সিজিএম, ডিএজি মন্টু, ওসি মেহেদী হাসান, শাহাজাহান মোহন, এডভোকেট আমিরুল ইসলাম খাঁন চুন্নু, শিক্ষক মন্ডলী, আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভা মহেশপুরে বিচার ব্যবস্থার উন্নয়ন ও সরকারের অঙ্গীকারকে নতুন করে আলোচনায় নিয়ে আসে।