কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের অভিযানে বাধা, হামলা ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক নেতা মোহাম্মদ জহির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা সোনারপাড়া সৈকতের পশ্চিম পাশে খাস জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি রিসোর্ট উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে একই ইউনিয়নের নিধানিয়া মেইন ড্রাইভ সড়কের পূর্ব পাশে খাস জমিতে অবৈধভাবে স্থাপিত কয়েকটি দোকান উচ্ছেদ করতে গেলে প্রশাসন বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় শ্রমিক নেতা জহির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা অভিযানে বাধা প্রদান করেন এবং প্রশাসনের সঙ্গে থাকা শ্রমিক ও কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ভূমি অফিসের কর্মচারী রাসেলসহ কয়েকজন আহত হন।
প্রশাসনের অভিযোগ, হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় সরঞ্জাম দিয়ে মারধর করে এবং উচ্ছেদ অভিযানে ব্যবহৃত কিছু মালামাল লুটপাট করে নিয়ে যায়।
অন্যদিকে অভিযুক্ত জহির উদ্দিন দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস ও ব্যবসা করে আসছেন এবং জমিটি তাদের দখলে রয়েছে। তিনি বলেন, “আমরা কোনো অবৈধ দখলদার নই। লুটপাট হওয়া মালামাল প্রয়োজনে আমাদের নেতা এমপি শাহজাহান চৌধুরীর মাধ্যমে ফেরত দেওয়া হবে।”
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, “সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। অভিযানে বাধা, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।