“সামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। দুই পক্ষের সংঘর্ষে ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর আহত অন্তত ৫ জন ”
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে সামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।