মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। একই সময়ে পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসীম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্থানীয় শহীদ শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টায় ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম।
এছাড়া বাদ জোহর দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জেলার সকল মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩টায় তাজ সিনেমা হলে মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিকাল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধাবাসী গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেন।