প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৪:৪০ এ.এম
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ও দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাস্থলে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘বাস ও ট্রাকের সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিউজ পাওয়ার ২৪ ডেস্ক
www.newspower24.com