লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে তার বড় ভাই খোরশেদ আলমের নাম প্রকাশ পেয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর মোহাম্মদ আলী বাড়ি উরফে লেদির ভাগো বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকার লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে আলমগীর হোসেন দোকানে গেলে সেখানে খোরশেদ আলমের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।